
চলতি বিশ্বকাপে প্রতিপক্ষের পাশাপাশি তীব্র গরমও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে অনেক দলের জন্য। কেপ ভার্দের বিপক্ষে কষ্টের জয় পাওয়া আর্জেন্টিনাও সেই ভোগান্তির শিকার হয়েছিল। তবে শেষ ষোলোর লড়াইয়ের আগে আবহাওয়ার দিক থেকে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।
আগামীকাল স্থানীয় সময় দুপুর ১২টায় আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে হারানোর লড়াই সহজ না হলেও ম্যাচের পরিবেশ আগের ম্যাচের তুলনায় অনেক বেশি অনুকূলে থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। আধুনিক এই স্টেডিয়ামটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা বা বন্ধ রাখার সুবিধা রয়েছে। ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের ম্যাচেও একই ধরনের সুবিধা ব্যবহার করা হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত ভেন্যু হওয়ায় খেলোয়াড়দের ওপর গরমের প্রভাব পড়ার আশঙ্কা খুবই কম।
এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ে আর্দ্রতা ও তীব্র গরমে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে বেশি ভুগেছিলেন।
সে অভিজ্ঞতার পর শেষ ষোলোর ম্যাচের জন্য আটলান্টার অনুকূল পরিবেশ আর্জেন্টিনা শিবিরে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।