
কক্সবাজারের উখিয়ায় বৈরী আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বঘোষিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৬ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানায় এনসিপি।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে দলের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়া ও সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় এসব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
দলটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকার কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলো চলতি মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—দুই পর্বে ভাগ করা হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশের মাধ্যমে উত্তরাঞ্চলের পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা রয়েছে।