
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘোষিত কর্মসূচির সূচিতে গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি জেলার নাম নেই। দলটির দাবি, প্রথম ধাপে এসব জেলা থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রার্থী ঘোষণা না হওয়ায় সেখানে এবার পদযাত্রা রাখা হয়নি।
শনিবার (৪ জুলাই) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দলের আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাইয়ে জেলা শহরকেন্দ্রিক পদযাত্রা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও কর্মসূচি নেওয়া হয়েছে।
গোপালগঞ্জসহ ছয় জেলায় পদযাত্রা না রাখার কারণ ব্যাখ্যা করে সারজিস আলম একটি গণমাধ্যমকে বলেন, প্রথম ধাপে যে ১০০ উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে, পদযাত্রা কেবল সেসব এলাকাতেই হবে। যেসব জেলায় এখনো প্রার্থী ঘোষণা হয়নি, সেখানে এ দফায় কর্মসূচি রাখা হয়নি। দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে ওই জেলাগুলোতেও সাংগঠনিক সফর ও পদযাত্রা করা হবে।
দলের ঘোষিত সূচি অনুযায়ী, ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হবে। এরপর জুলাইজুড়ে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে এনসিপি। একই সময়ে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। দলটির একটি সূত্র জানিয়েছে, নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি এড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে আপাতত গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা একটি গণমাধ্যমকে বলেন, ‘গত বছর গোপালগঞ্জের ঘটনার পর হামলার শিকার হয়েও আমাদেরই দায়ী করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জকে আপাতত কর্মসূচির বাইরে রাখা হয়েছে।’