
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি এবং আওয়ামী লীগকে ঘিরে মন্তব্য করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপট অস্বীকার করেছেন তিনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজনের সঙ্গে বসে মোবাইল ফোনে কথা বলছেন জাহাঙ্গীর আলম। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে (ওদের) মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো (আওয়ামী লীগ ওয়ালাদের) কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে তারা ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার দাবি, ভিডিওটির আগের ও পরের অংশ বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেবল কয়েকটি বাক্য কেটে প্রচার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তার ভাগিনা নোবেল মীর ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ভাইরাল ভিডিওতে শোনা বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি দলীয় শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক। জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে শোকজসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিষয়টি উপজেলা বিএনপির নেতারা দেখছেন। পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।