
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত আটজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। তবে হামলায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।
এদিকে, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে প্রায় ৪৭ মিনিটের বাসপথ দূরে অবস্থিত নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও নরওয়ের।