
বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ে দলে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। চোট কাটিয়ে ফেরা ডিফেন্ডার জুলিয়ান রিয়ারসনের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকছেই, এর মধ্যে দলের কয়েকজন ফুটবলার কাশি ও শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ স্তালে সোলবাক্কেন।
নরওয়ের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অসুস্থতার এই প্রভাব ডান প্রান্তের রক্ষণভাগে বেশি পড়তে পারে। কারণ, ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে সামলানোর দায়িত্ব পাওয়া খেলোয়াড়দের মধ্যেই রয়েছে এমন উপসর্গ।
গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার জুলিয়ান রিয়ারসন। তবে গত দুই দিন ব্যথামুক্তভাবে অনুশীলন করায় তাকে একাদশে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন।
রিয়ারসন খেলতে না পারলে তার বদলি হিসেবে মার্কাস হোলমগ্রেন পেডারসেনের নাম বিবেচনায় রয়েছে। তবে তাকেও শ্বাসতন্ত্র-সংক্রান্ত উপসর্গ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বিষয়ে সোলবাক্কেন বলেন, পেডারসেন অসুস্থ নন, তবে তার কিছুটা কাশি ও গলার সমস্যা রয়েছে।
স্থানীয় বিশ্লেষকদের ধারণা, রিয়ারসন যতক্ষণ শারীরিকভাবে সক্ষম থাকবেন ততক্ষণ তাকে খেলানো হবে। পরে প্রয়োজন হলে পেডারসেনকে মাঠে নামানো হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আবহাওয়াকেও সম্ভাব্য একটি কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চিকিৎসক ড. কাভেহ রাশিদি বলেন, কাশি বা গলায় জ্বালাপোড়া মানেই সংক্রমণ নয়। শুষ্ক বাতাস, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা শ্বাসনালির সাময়িক জ্বালাপোড়ার কারণেও এমন উপসর্গ দেখা দিতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল দীর্ঘ সময় একসঙ্গে থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর পেশাদার ফুটবলারদের ক্ষেত্রে সামান্য উপসর্গও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটির আগে নরওয়ে শিবিরে একাধিক খেলোয়াড়ের শারীরিক অবস্থা এখন কোচিং স্টাফের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।