
হারারেতে একমাত্র টেস্টে পরাজয়ের হতাশা নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের কন্ডিশনে সহজ কোনো ম্যাচের আশা করছেন না জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল জানান, দল ইতোমধ্যে স্থানীয় পরিবেশ ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েক দিন হলো এসেছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন সবাই ভালো অবস্থানে আছি। অনুশীলনে সবাই ভালো চেষ্টা করছে, ভালো হচ্ছে। সেটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব।’
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা যে কঠিন হবে, সেটিও মনে করিয়ে দেন এই বাঁহাতি পেসার।
শরিফুল বলেন, ‘ছেলেরা গত কয়েকটা সিরিজে ভালো করছে। চেষ্টা করব আগের মতো প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকতা ধরে রাখতে। বোলিং-ব্যাটিং দুই দিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘গত পাঁচ সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, একটু হলেও কঠিন হবে। তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শরিফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। আমি চাই দলগতভাবে যেন সিরিজ জিতি এবং সবাই ভালো পারফর্ম করতে পারি।’