
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শনিবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বিদেশের আটটি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী।
বহিষ্কৃত ১৭ শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ সাতজন, কারিগরি শিক্ষা বোর্ডে তিনজন এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে সাতজন রয়েছেন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন এবং অনুপস্থিত থাকে ১৯ হাজার ৬৩৯ জন।
বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৫৬, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৯৫৬, যশোর বোর্ডে ২ হাজার ৩৬২, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় মোট ৮৪ হাজার ২৯৩ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২০২ শিক্ষার্থী। এই বোর্ডে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৮৫ হাজার ৭৪৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৬ জন। এই বোর্ডে তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সারাদেশে অনুষ্ঠিত পরীক্ষাগুলো সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।