
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় একযোগে এ কর্মসূচি শুরু হবে।
শনিবার বিকেলে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়ের প্রতীক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শহীদদের আত্মদানের স্মৃতি ধারণ করে নতুন প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দিতে দলটি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
এর অংশ হিসেবেই গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া এই পদযাত্রায় এনসিপির শীর্ষ নেতারা উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অংশ নেবেন বলেও জানানো হয়।
সারজিস আলম বলেন, জুলাই কেবল একটি সময়ের নাম নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতিচ্ছবি। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের বার্তা ছড়িয়ে দেওয়া এবং শহীদদের অবদান স্মরণ করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এনসিপি জানিয়েছে, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রায় তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।