
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত জাগপার জাতীয় কার্যকরী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সহ-সভাপতি এমএ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহম্মদ হোসেন মোবারক ও আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক মো. মাহফুজাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাকির হোসেন রিয়াজের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে বর্ধিত সভা আয়োজন করে দলের পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১০ জুলাই সিলেটে হযরত শাহাজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তও হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রমে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সহযোগী হিসেবে পাশে থাকবে।
সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।