
দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’
তিনি বলেন, দেশে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। তার মতে, বেসরকারি খাতের চিকিৎসাসেবার মান তুলনামূলকভাবে উন্নত হলেও সরকারি স্বাস্থ্যব্যবস্থা এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। তবে এ ব্যবধান কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
অর্থমন্ত্রী আরও জানান, চলতি বাজেটে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্যখাতে নতুন উদ্যোক্তা তৈরির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের প্রতিটি মানুষের জন্য কার্যকর ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।