
টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট নির্ধারিতভাবে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে, আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে রাজধানীতে ফিরে গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
একই পরিস্থিতির কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটকেও চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরণ করানো হয়।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও সফল না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে বিরূপ আবহাওয়া ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট পরিচালনা আবারও স্বাভাবিক হবে।