
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকার আশা করছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সোমবার (৬ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করা।
তিনি আরও জানান, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক খবর আসবে।
আরিফুল হক চৌধুরী বলেন, অতীতের মতো এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এতে সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতি কমবে বলে আশা করছে সরকার। এজন্য সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পরবর্তীতে দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত নিরসন করে শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের আশা, নতুন ব্যবস্থায় স্বচ্ছ প্রক্রিয়ায় অধিকসংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং বৈদেশিক কর্মসংস্থান আরও সম্প্রসারিত হবে।