
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি জুলাই মাস থেকেই তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
বুধবার (৮ জুলাই) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছিল, যার সর্বনিম্ন পরিমাণ ছিল ২ হাজার টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে আগের ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করা হয়েছে। ফলে এখন থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বনিম্ন পরিমাণ আগের মতোই ২ হাজার টাকা বহাল থাকবে।