
খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ, বিস্তৃত ও কার্যকর করতে যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্য বাস্তবায়নে শিগগিরই একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবে দুই দেশ।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তারা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য সম্প্রসারণে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া বক্তব্যে অসিম আজিম সিদ্দিকি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় দেশটি, কারণ পাকিস্তানের বাজারে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে আরও প্রতিযোগিতামূলক দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়। এর অংশ হিসেবে ভবিষ্যতে আরও বাণিজ্য প্রতিনিধি দল বিনিময় এবং কৃষি ও শিল্প খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আসন্ন সমঝোতা স্মারক কার্যকর হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি সমন্বয় বৃদ্ধি পাবে, যা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে প্রচলিত বাণিজ্যিক যোগাযোগের বাইরে নিয়ে গিয়ে খাদ্য সরবরাহ ও অর্থনৈতিক সহযোগিতার আরও বিস্তৃত পর্যায়ে উন্নীত করার ইঙ্গিত দিচ্ছে।