
সরকারি হাসপাতালগুলোর জনবল সংকট কাটাতে বড় ধরনের নিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর ব্যাপক সংকট রয়েছে। অনুমোদিত বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সেবাদানে চাপ বাড়ছে। এ সংকট নিরসনে সরকার বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবেই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদ ৪১ হাজার ৮০৬টি। বর্তমানে এর মধ্যে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে শূন্য রয়েছে ৪ হাজার ৫৭৭টি পদ।
মন্ত্রী জানান, সবচেয়ে বেশি জনবল ঘাটতি রয়েছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায়। এ খাতে মোট অনুমোদিত পদ ৬৫ হাজার ২৩০টি হলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৭টি।
তিনি আরও জানান, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের সংখ্যা ২৩ হাজার ৫০০ হলেও কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। ফলে শূন্য রয়েছে ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ খালি রয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি এবং স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে ৬ হাজার ৯৫৩টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসকের সংকট কমাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে আরও ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে চলছে। পাশাপাশি দশম গ্রেডের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য গত ১৯ এপ্রিল পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বর্তমানে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে। এসব কার্যক্রম শেষ হলেই তাদের পদায়ন করা হবে।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে।