
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় যখন লাখো মানুষ মানবিক সংকটে, তখন দুর্গতদের সহায়তায় এগিয়ে আসছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে অর্ধশতের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
এই সংকটময় পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন বিনোদন অঙ্গনের তারকারাও। গত দুই দিন ধরে অনেক শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
এমন সময় চট্টগ্রামের দুর্গত মানুষের সহায়তায় আর্থিক অনুদান দিয়েছেন তৌসিফ মাহবুব। বিষয়টি সামনে আসে তার এক ভক্তের মাধ্যমে।
মোহাম্মদ ইমন নামে ওই ভক্ত বর্তমানে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ নিজ উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করেন।
গণমাধ্যমকে মোহাম্মদ ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির দিকে যাব, সেখানে বন্যার্তদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করব। প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তবে নিজের সহায়তার বিষয়টি প্রকাশ্যে আনতে আগ্রহী নন তৌসিফ মাহবুব। তার বিশ্বাস, দুর্যোগের সময়ে যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি নিজেও সেই দায়িত্ববোধ থেকেই সহযোগিতা করার চেষ্টা করছেন।
নিজের ফেসবুক বার্তায় অভিনেতা লিখেছেন, ‘মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’
এদিকে শুধু তৌসিফ নন, শোবিজের আরও অনেক তারকা বন্যা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছেন, আবার কেউ দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এর আগে ২০২৪ সালের বন্যার সময়ও শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।