
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টরন্টোতে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর মঞ্চে পারফর্ম করবেন তিনি। আগামী ১৮ জুলাই তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামীকাল থেকে ১৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’। উৎসবের সমাপনী দিনে দর্শকদের সামনে পরিবেশনায় অংশ নেবেন সঞ্জয় দেব।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ফ্যান ফেস্টে বড় পর্দায় বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।
বিশ্বকাপ উপলক্ষে কানাডায় আয়োজিত ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন সঞ্জয় দেব। তার দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মায়ামি, আটলান্টা ও হিউস্টনেও অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টে অংশ নিয়েছেন তিনি। এসব আয়োজনে তিনি পরিবেশন করেছেন এবারের বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’, যা গেয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফ্রান্সের ভেজিড্রিম।
এ ছাড়া বিশ্বকাপকে সামনে রেখে নোরা ফাতেহির সঙ্গে ‘চ্যাম্পিয়নস’ ও ‘লকড-আপ’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন সঞ্জয়।
১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তার বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। শৈশব ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। পারিবারিক সাংস্কৃতিক পরিবেশ থেকেই সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করার পর ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও নিয়মিত কাজ করে আসছেন এই সংগীতশিল্পী।