
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নাফিজ চৌধুরী। তিনি জানান, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শেষ কয়েকদিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নাফিজ চৌধুরী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ফিরিয়ে আনার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। তবে সোমবার ভোরে হঠাৎ অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসমরে অংশ নেন। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং সংসদ বিলুপ্ত হওয়ার মধ্য দিয়ে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বেরও অবসান ঘটে।