
জুলাই বিপ্লবের চেতনা তুলে ধরতে দুই দিনব্যাপী পদযাত্রা ও পথসভা কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন দলের শীর্ষ নেতারা।
বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ।
তিনি জানান, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য এ এম জেড শাহরিয়ার জুহিনসহ জেলা এনসিপির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জুলাই বিকেল ৩টায় দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস এলাকায় প্রথম পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মূল পদযাত্রা শুরু হবে।
নির্ধারিত রুট অনুযায়ী, পদযাত্রাটি দত্তবাড়ী, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা, নবাববাড়ী রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা এবং ইয়াকুবিয়া স্কুল মোড় অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পথসভার মাধ্যমে শেষ হবে।
কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা বগুড়ায় রাত্রিযাপন করবেন। এরপর ১৫ জুলাই বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আরও একটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।