
সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে নির্ভুল তথ্যভান্ডার তৈরি এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার, ২০ জুলাই বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ধাপে ধাপে দেশের সব অঞ্চলে কর্মসূচিটি সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে কার্যকরভাবে পৌঁছায়, সে জন্য একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। এজন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
তারেক রহমান আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে পরিকল্পনাটি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।