
রাষ্ট্রপতির পদ ছাড়ার একদিন পরই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিয়েছেন মো. সাহাবুদ্দিন। জানা গেছে, আগামীকাল ২৬ জুলাই সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবন ‘গ্রিন ভিলা’য় উঠবেন।
২৫ জুলাই পাওয়া তথ্য অনুযায়ী, গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত ‘গ্রিন ভিলা’য় রাষ্ট্রপতির আবাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ভবনটির পঞ্চম তলায় তার বসবাসের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বাসাটি খালি থাকলেও ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছেন।
বাসাটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে এসেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বাসায় আসেন এবং রাত প্রায় পৌনে ৯টার দিকে সেখান থেকে চলে যান। বর্তমানে সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে, শুক্রবার বিকেলে সরকারি নির্দেশনায় বাসাটিতে নতুন টেলিফোন সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সংস্থাটির টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, ‘মূলত সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছি, আমাদের অফিসের বসের নির্দেশে। আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে, উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছে। তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।’
এর আগে ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব ছাড়ার সময় তিনি বলেন, ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’