
প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এ অংশ নেওয়া শিশু-কিশোরদের সংবাদ যেন আগামীকালের পত্রিকা ও সম্প্রচারে লিড নিউজ হিসেবে গুরুত্ব পায়।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক, আগামীকাল আপনাদের পত্রিকায় বা সম্প্রচারমাধ্যমে আজকের এই শিশুদের খেলার সংবাদটি যেন লিড করা হয়। এটি আমার অনুরোধ।’
তিনি আরও বলেন, ‘আশা করি, আপনারা ইলেকট্রনিক মিডিয়াতেও আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তা অস্বীকার করছি না। কিন্তু এসব সমস্যার পাশাপাশি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারি, সেই সম্ভাবনাও আমাদের সামনে তুলে ধরতে হবে।’
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তিনি পরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।