
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।
চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের মধ্য দিয়ে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেডেরিক ইনজা অংশ নেন।
অনুষ্ঠান শেষে এক বার্তায় ফ্রান্স দূতাবাস জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি তারা শ্রদ্ধা জানায় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে।
বার্তায় আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সফল রাজনৈতিক উত্তরণের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স।
এছাড়া একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স।