
দেশের বাজারে একদিনের ব্যবধানেই কমেছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর মাত্র একদিন আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এদিকে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেট হলমার্ক করা রুপার প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫০ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।