
দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর অংশীদারিত্বে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও জাপান। দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বিগ-বির উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়টিকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য সুযোগ তৈরির প্রত্যাশাও ব্যক্ত করেন।
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাতে উভয় পক্ষই আশা প্রকাশ করে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে এবং সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে।