
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় বলে দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বিএনপির শীর্ষ পর্যায়ের পাশাপাশি জ্যেষ্ঠ নেতারাও অংশ নিয়েছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলটির পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, বৈঠকে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সিদ্ধান্তের পর নির্ধারিত সময়ের মধ্যেই বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দলটির বর্তমান প্রস্তুতিতে মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসীর উদ্দীন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দলের পরবর্তী মহাসচিব নিয়েও বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।