
তরুণদের কাছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এয়ারটেল এবার নতুন নামে যাত্রা শুরু করেছে। ‘সার্কেল’ নামে নতুন ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডটির আত্মপ্রকাশ করা হয়।
রবি জানিয়েছে, এ পরিবর্তন মূলত ব্র্যান্ডের পরিচয়ে। এর ফলে গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক কিংবা বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।
গ্রাহকদের ০১৬ নম্বর অপরিবর্তিত থাকবে। একইভাবে তাঁদের বর্তমান সেবা, প্যাকেজ, ব্যালান্স এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ওয়ালেটের লেনদেন ও তথ্যও আগের মতোই বহাল থাকবে এবং নিরাপদ থাকবে বলে জানিয়েছে রবি।
কোম্পানির ভাষ্য, এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক অবস্থানকে ভিত্তি করেই সার্কেলকে নতুনভাবে সাজানো হয়েছে। বর্তমান ডিজিটাল বাস্তবতা এবং তরুণদের ক্রমবর্ধমান অনলাইননির্ভর জীবনযাপনের বিষয়টি বিবেচনায় রেখে ব্র্যান্ডটিতে যুক্ত করা হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা ও ভবিষ্যতমুখী বিভিন্ন উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হবে।
সার্কেলের মূল লক্ষ্য হলো বাস্তব ও অর্থবহ সংযোগ তৈরি করা। গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে মানুষকে যুক্ত রাখার পাশাপাশি অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না।
তিনি বলেন, সংযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। সার্কেল এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন।
‘আসল সংযোগ, সবসময় সচল’—এই প্রতিশ্রুতি সামনে রেখে সার্কেলের পথচলা শুরু হয়েছে। বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরি থেকে শুরু করে তরুণদের প্রতিদিনের ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে ব্র্যান্ডটি।
ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত প্রয়োজন মেটাতে নতুন উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে সার্কেল। তরুণরা যেন নিজেদের পছন্দের মানুষ ও কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, বিভিন্ন পরিসরে অংশ নিতে পারেন এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারেন—সেই সুযোগ তৈরি করাও নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।