
বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তাঁর দাবি, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতাসীনদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলাই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তাই এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতার চর্চা যারা করেন, তাদের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপ্নন বলেন, অতীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন, সরকার তাদের বিচারের আওতায় এনেছে।
পাশাপাশি গণমাধ্যমের জন্য একটি নতুন ইকো সিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।