
দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশের পরপরই গেজেট জারি করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।