
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই দূতাবাস তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তা প্রকাশ করে।
এর আগে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করেন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল। এর মধ্য দিয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
ফ্রান্স দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।