
চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগ আর কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা অবহেলার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে চিকিৎসা অবহেলায় মারা যাওয়া কনিকা মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
কনিকা মন্ডলের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে আমি এখানে এসেছি। এই পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় বিএনপি নেতারা এবং সরকার থাকবে।’
স্বাস্থ্য খাতে গত ১৭ বছরে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলেও জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়নের উদ্যোগও চলছে বলে উল্লেখ করেন তিনি। এর সুফল সাধারণ মানুষ পাবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
পরে কনিকা মন্ডলের পরিবারের হাতে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, বালিয়াকান্দি থানার ওসি আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে ডা. লক্ষী রানী দত্তের মাধ্যমে সিজারিয়ান অপারেশনে কন্যাসন্তানের জন্ম দেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল (৩৫)।
অস্ত্রোপচারের পরদিন কনিকার পেট ফুলে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জুলাই পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে গজটি বের করা হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে মারা যান কনিকা মন্ডল।