
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের বিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই আসনটি এখন আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই ওই সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
আসনটি শূন্য হওয়ার বিষয়টি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।