
পবিত্র ওমরাহ পালন শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছানোর পর তিনি ওমরাহ সম্পন্ন করেন।
আসিফ মাহমুদের সঙ্গে সফরে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালনের সময় আসিফ মাহমুদ ও তার সফরসঙ্গীরা দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করে দোয়া করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
ওমরাহ শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।
বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তার মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ।