
প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত এবং বিভাগীয় কর্মশালা থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে এই নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলো থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে। চলতি আগস্টের মধ্যেই সব বিভাগে কর্মশালা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালা থেকে সংগৃহীত মতামত বিশ্লেষণ করে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থায় কার্যকারিতা ও জবাবদিহিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা পরিচালনায় মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নির্দেশনা কর্মকর্তাদের জানানো হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতও গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন, কর্মশালাগুলো থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে যে নীতিমালা তৈরি হবে, পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই নীতিমালা অনুসরণ করেই কাজ করবেন। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন নীতিমালার আলোকে পরিচালিত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই। সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষক সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে এর প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।