
মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে বাংলাদেশ। এ জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই বাছাই করছে বাংলাদেশ। এই জোটে যুক্ত হতে বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এখনো কোন আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।’
তিনি জানান, মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। জোটটিতে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
শামা ওবায়েদ আরও জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচক দৃষ্টিতে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।