
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব জানান, রাতে বিশেষ অভিযান চালিয়ে ভি-এইচ রোড এলাকা থেকে রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি আরও জানান, রনজিত বকশি সূর্যের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।