
‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতিকে সামনে রেখে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশের জাতীয় স্বার্থ তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা ও আকাঙ্ক্ষার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এর অন্যতম কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে বিরোধী দল লংমার্চ শুরু করেছে। তাদের নিজেদেরও জানা আছে, দেশে কোনো সমস্যা নেই।
বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, গাড়ি তেলে চলে, না পানিতে চলে? বিরোধী দল দাবি করছে দেশে তেল নেই; তাহলে হাজার হাজার গাড়ি নিয়ে এত বড় লংমার্চ কীভাবে করছে? বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এমএন একাডেমি স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাফেজ শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।