
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থসামাজিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।