
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমাদের কমিটমেন্ট টোটাল। স্থানীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।’
তিনি বলেন, ‘কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা যাবে না। পুলিশ জানিয়েছে, একটি ক্রেডিবল নির্বাচনের জন্য তারা কাজ করবে।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমানে তার চেয়ে পরিস্থিতি খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশের যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবই নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’