
বাংলাদেশের শ্রমশক্তির কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। পাশাপাশি বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন সদস্যের ফরাসি সিনেটর প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরাসি সিনেটের সঙ্গে আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) আওতায় বাংলাদেশের আরও বেশি সম্পৃক্ততার আগ্রহের কথা জানান। পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের আইনসভাগুলোর পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তিনি।
ফ্রান্সের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের বিষয়টিও আলোচনায় আসে। ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত পণ্যের মতো সম্ভাবনাময় খাতে রপ্তানি বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন শামা ওবাইদ ইসলাম। এসব খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বানও জানান তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও আর্থ-সামাজিক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও গতিশীলতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় বাংলাদেশের শ্রমশক্তির কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বাড়ানোর সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়। একই সঙ্গে বৈধ ও নিয়মিত শ্রম গতিশীলতার জন্য আরও সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য-সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করেন শামা ওবাইদ ইসলাম। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি।
এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারী ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বহুপাক্ষিক ফোরামগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।