
ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগ দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভারত সরকারের অনুমোদন চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব বা এগ্রিমো পাঠিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে ভারত সরকারের কাছে ওই প্রস্তাব পাঠানো হয়।
২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পান
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পান আসাদ আলম সিয়াম। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বুয়েটে স্থাপত্য, নেদারল্যান্ডসে এমবিএ
আসাদ আলম সিয়ামকে দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন।
১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন
কূটনৈতিক ক্যারিয়ারে আসাদ আলম সিয়াম একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। ফিলিপাইনসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন আসাদ আলম সিয়াম। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল), চিফ অব প্রটোকল এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি।
এ ছাড়া ইন্সপেক্টর জেনারেল অব মিশনসসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম।