
জ্বালানির দাম বাড়ার পর দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হবে। রাজধানীর বাস ভাড়াও একই হারে বাড়বে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণের কথা বলা হয়েছে।
তিনি বলেন, মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা—সব ধরনের রুটেই নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়া হবে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে সোমবার বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল।
গত এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামিয়ে তুলনামূলক আরামদায়ক করা হয়েছে। এসব বাসে ভাড়া আরও বেশি। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যাত্রীদের দিতে হয়।
নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর রুটে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে।