
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে আগের সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি। রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব অনুধাবন করে মেধা চর্চার পাশাপাশি অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।