
নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে রাজধানীতে চলাচলরত পিংক বাসের বহর বড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও যাত্রীদের চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ১৩টি রুটে বর্তমানে ১৪টি পিংক বাস চলছে। তবে যাত্রীদের চাহিদার তুলনায় এসব বাসের সংখ্যা কম হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ মোড়গুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সড়কগুলোকে স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।