
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে এসব সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন রয়েছেন। এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।
এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও সাতজন শিক্ষককেও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।
শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।