
সরকারি বাসা বরাদ্দের শর্ত লঙ্ঘনের অভিযোগে বিদেশি ডাক, ঢাকার পোস্টাল অপারেটর সৈয়দ সোনায়ার হোসেনের নামে বরাদ্দ দেওয়া সরকারি বাসা বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। ডেপুটি পোস্ট মাস্টার জেনারলে (ডিপিএমজি) শাহনাজ সিদ্দিকি সাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
বিদেশি ডাক, ঢাকার সংশ্লিষ্ট প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, সৈয়দ সোনায়ার হোসেনের নামে বরাদ্দ করা মতিঝিলের পিও টিএনটি কলোনির এফ-২/১২ ডি নম্বর সরকারি বাসার বরাদ্দ বাতিল করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, বিদেশি ডাক, ঢাকার স্মারক নম্বর-১৪.৩১.০০০০.১২৩.১৮.০০৪.২২/১০১, তারিখ ২ জুন ২০২৫-এর মাধ্যমে ওই বাসাটি সৈয়দ সোনায়ার হোসেনের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বরাদ্দের সময় নির্ধারিত শর্তাবলি লঙ্ঘন করায় পরবর্তী সময়ে বাসাটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মচারীকে আগামী ৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বাসাটি সম্পূর্ণ খালি করে পিও কলোনি, মতিঝিল, ঢাকার কনজারভেন্সি ইন্সপেক্টরের কাছে হস্তান্তর করতে হবে। বাসা হস্তান্তরের পর এ-সংক্রান্ত প্রমাণক প্রশাসন শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাসার বৈদ্যুতিক ও অন্যান্য সরঞ্জাম যথাযথভাবে বুঝিয়ে দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্মচারীকে বিদ্যুৎ মিটারের রিডিং অনুযায়ী বিল পরিশোধ করে তার প্রমাণক বা প্রত্যয়নপত্র প্রশাসন শাখায় জমা দিতে বলা হয়েছে।
সরকারি আবাসন বরাদ্দের শর্ত ভঙ্গের কারণে সৈয়দ সোনায়ার হোসেনের নামে বরাদ্দ দেওয়া বাসাটি বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসনিক নথিতে উল্লেখ রয়েছে।