
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। বিএনপি সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকার আন্তরিক। এ ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।