
নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা এখনই বাড়ছে না। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, সেই হারেই তা বহাল থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে। তবে ভাতা অপরিবর্তিত থাকলেও চলতি মাস থেকেই নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হিসাবেই ভাতা দেওয়া হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময়ই ভাতা পরবর্তী সময়ে সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছিল।
সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা
নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
গত ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর ধরা হলেও একবারে পুরো বর্ধিত বেতন দেওয়ার পরিবর্তে কয়েকটি ধাপে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতন-ভাতা কার্যকরের পরিকল্পনা রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপ শুরু হয়েছে গত ১ জুলাই, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মূল বেতন দেওয়া হবে। তৃতীয় ধাপ চলবে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হওয়ার কথা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
চলছে অনলাইনে বেতন নির্ধারণ
সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ অনলাইনে এগিয়ে চলছে। এ জন্য সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা আইবাস++(iBAS++)-এ গত ৫ অক্টোবর থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন কর্মচারীরা। মঙ্গলবার এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে বর্ধিত মূল বেতন পৌঁছাতে পারে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দও রাখা হয়েছে।