
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে যোগ দিতে স্বল্প সময়ের জন্য দেশটি সফর করবেন তিনি।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের সাফল্য তুলে ধরা হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
এ সফরে জলবায়ু তহবিল ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার দাবিও জানাবে বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও এর ব্যতিক্রম হবে না।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।